সংগীতশিল্পী তাহসান খান নতুন গান প্রকাশের পাশাপাশি এখন টিভি অনুষ্ঠানের উপস্থাপনাও করছেন। তবে এবার ভক্তদের জন্য ভিন্ন এক চমক আনতে যাচ্ছেন তিনি। নিজের পুরনো সাতটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করবেন তাহসান।
তাহসান বলেন, আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমার নিয়ন্ত্রণেই থাকুক। তাই আমার গাওয়া সাতটি পুরনো গান নতুনভাবে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি জানান, গানগুলো বেছে নেয়ার পেছনে আলাদা ভাবনা রয়েছে তার। কিছু গান জনপ্রিয়তা না পেলেও খুব প্রিয় তার। আবার কিছু জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে উপস্থাপন করতে চান তিনি।
নতুন সংগীতায়োজনে আসা গানগুলো হলো— একটাই তুমি, মন কারিগর, কেউ না জানুক, চাইলে আমার, তোমার আমার, বৃষ্টিতে প্রাকৃতিক ও প্রেমাতাল।
এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটি ম্যাশআপ করে একসঙ্গে প্রকাশ করা হবে। তাহসান আরো জানান, গানগুলোর সংগীতায়োজনসহ সব কাজ এরই মধ্যে শেষ হয়েছে।
এদিকে ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তাহসানের গাওয়া ‘জনম জনম’ শিরোনামে একটি সিনেমার গান। এটি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জংলি’ সিনেমার জন্য গাওয়া হয়েছে।
তাহসান আরো জানান, তিনি ‘দাগি’ নামে একটি নতুন সিনেমার জন্যও গান করবেন।










