ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আনন্দ উৎসব’। এই উৎসবে গান গাইবেন তানজির তুহিন, আতিয়া আনিসা ও নতুন প্রজন্মের গায়িকা পারশা মাহজাবীন পূর্ণা। তাদের পাশাপাশি আরও গাইবেন মিঠুন চক্র, এঞ্জেল নূর ও সমীর কাওয়াল।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এ উৎসব আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে একাডেমির জনসংযোগ বিভাগ।
উৎসবের সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই থাকবে কাওয়ালি গান। পরিবেশন করবেন সমীর কাওয়াল ও তার দল। পরে কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও পারশা মাহজাবীন পূর্ণা শোনাবেন গান। এছাড়া ‘যদি আবার’, ‘তিল’ ও ‘আমায় প্রশ্ন করে’ গানগুলো পরিবেশন করবেন এঞ্জেল নূর।
এরপর মিঠুন চক্র শোনাবেন- ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘সাদা সাদা কালা কালা’ এবং ‘ওরে সাম্পান ওয়ালা’ গানগুলো। সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করবেন ‘আভাস’ ব্যান্ডের তানজির তুহিন ও দল।










