সিনেমাটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আবার ফিরে তাকাচ্ছেন মূল ককটেল সিনেমাটির দিকে। এতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা। মজার বিষয় সম্প্রতি সাইফ জানিয়েছেন, এ সিনেমার জন্য তিনি নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না। তার দাবি, নির্মাতারা শুরুতে রণবীর কাপুরসহ আরো কয়েকজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
ভ্যারাইটি ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সাইফ সিনেমাটির কাস্টিং প্রসঙ্গে বলেন, ‘তারা দীপিকা ও ডায়ানাকে চূড়ান্ত করেছিল, কিন্তু নায়ক খুঁজে পাচ্ছিল না। সম্ভবত ভেরোনিকা (দীপিকার চরিত্র) এতটাই আকর্ষণীয় ছিল যে অনেকেই দ্বিধায় ছিলেন। যতদূর মনে পড়ে, তারা ইমরান খানকে প্রস্তাব দিয়েছিল, রণবীর কাপুরকেও বলেছিল। আরো কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল। তখন আমি বললাম, ‘ঠিক আছে, আমি করব।’ আমার মনে হয়, সবাইকে এজন্য আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এটাই আমার গল্প। কারণ সিনেমাটি করতে আমি দারুণ আনন্দ পেয়েছিলাম। আমি হোমিকে খুব পছন্দ করি এবং শুটিংয়ের সময়ও আমরা দারুণ সময় কাটিয়েছি।’
রণবীর কাপুর ককটেলের বড় ভক্ত নন
এর কয়েক বছর আগে তামাশা সিনেমার প্রচারের সময় এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন ককটেল নিয়ে কথা বলেছিলেন। দীপিকা জানান, সিনেমাটি করার সময় রণবীর তার সিদ্ধান্ত নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন।
দীপিকা বলেন, ‘যখন আমি ককটেল করতে যাচ্ছিলাম এবং লন্ডনে শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন রণবীর মনে করেছিল, এটি আমার জন্য সঠিক সিনেমা নয়।’
এর ব্যাখ্যায় রণবীর বলেন, ‘ঘটনা হলো হোমি আদাজানিয়া একজন অসাধারণ পরিচালক এবং আমার খুব কাছের বন্ধু। তবে আমি ককটেলের চিত্রনাট্য সম্পর্কে কিছুই জানতাম না, শুধু জানতাম ইমতিয়াজ এটি লিখেছেন। তখন দীপিকার হাতে অনেক ভালো সিনেমার প্রস্তাব ছিল, কিন্তু সে ককটেল বেছে নিয়েছিল। সে এ সিনেমায় এমন কিছু দেখেছিল, যা আমি সম্ভবত দেখতে পাইনি। তাই আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘‘তুমি সিনেমাটি কেন করছ? এত ভালো পরিচালক তোমার সঙ্গে কাজ করতে অপেক্ষা করছেন, তাদের কোনো সিনেমায় কাজ করছ না কেন?’’ কিন্তু সেটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত এবং অন্তর্দৃষ্টি ছিল, যা শেষ পর্যন্ত আমার চেয়ে ভালো প্রমাণিত হয়েছে। বন্ধুর মতো আমি শুধু প্রশ্ন তুলেছিলাম।’
এ কথা শোনার পর দীপিকা রণবীরকে জিজ্ঞেস করেন, ‘সিনেমাটি দেখার পর কি তোমার মতামত বদলেছিল?’
জবাবে রণবীর জানান, তিনি এ সিনেমার ভক্ত নন, অর্থাৎ তার খুব একটা ভালো লাগেনি এটি। তবে দীপিকার অভিনয় নিয়ে তিনি উচ্ছ্বসিত ছিলেন।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










