আন্তর্জাতিক অঙ্গনে অভাবনীয় সাফল্যের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’। আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমা হলে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত সোমবার সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ফেসকার্ড তাদের অফিসে একটি ঘরোয়া আয়োজনে এই ঘোষণা দেয়। সেই সঙ্গে প্রকাশ করা হয় ‘রইদে আইলা গা জুড়াইতে’ নামের গানটি। গ্রামবাংলার শেকড়সন্ধানী সুর ও ভিন্নধর্মী গায়কীর কারণে গানটি ইতিমধ্যেই উপস্থিত অতিথি ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গানটির কথা, মৌলিক সুর এবং কণ্ঠ দিয়েছেন শিল্পী রাজীব আহমেদ রাজু।
চলচ্চিত্রটির পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘রইদ সিনেমাটি মূলত সাধু এবং তার পাগল স্ত্রীর সম্পর্কের এক সরল অথচ গভীর আখ্যান। এটি যা প্রেম ও নীরবতার মাধ্যমে মানব বিবর্তনের সেই চিরন্তন আদিম প্রেমকে তুলে ধরে। ঈদুল আজহায় সিনেমাটির সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে, যার কথা ও সুর করেছেন ‘সহজিয়া’ ব্যান্ডের রাজু এবং সঙ্গীতায়োজনে ছিলেন রাশিদ শরীফ শোয়েব। গানটি ‘রইদ’ শুটিংয়ের অনেক আগে, প্রায় এক বছর আগে আমি আর রাজু ভাই এটার অনেকদিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম, আজকে এসে সেই গানটা শেষ হলো। তাই এই গানটা দিয়েই আসলে রইদের যাত্রাটা শুরু হলো বলা যায়। গানের সুরের মতোই 'রইদ'-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।”
প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ (Bongo)-এর পক্ষ থেকে প্রযোজক মুশফিকুর রহমান বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী 'রইদ'-এর দুর্দান্ত সাফল্য কামনা করছি। আমাদের বিশ্বাস, দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় এই চলচ্চিত্র এক নতুন মাইলফলক তৈরি করবে এবং পুরো টিমের এই অক্লান্ত পরিশ্রম সার্থক হবে।"

সিনেমার পোস্টার
অভিনেত্রী নাজিফা তুষি গানটি সম্পর্কে বলেন, ‘আমি অত্যন্ত উচ্ছ্বসিত। কোভিডের আগে থেকে আইডিয়া ডেভেলপমেন্ট থেকে শুরু করে শুটিং পর্যন্ত দীর্ঘ এক বছরের প্রস্তুতি—সবই আমার চোখের সামনে ঘটেছে। বিশেষ করে সিলেটে শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ লোকেশন বা বাড়ি তৈরি হওয়ার প্রতিটি ধাপ আমি প্রত্যক্ষ করেছি। এতদিন যে আবেগ আমরা লালন করেছি, এখন তা দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার চূড়ান্ত মুহূর্ত চলে এসেছে; এই প্রাপ্তির অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।”
আগামী ঈদুল আজহা-র উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী সবকটি বড় প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে ‘রইদ’। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘হাওয়া’-র পর মেজবাউর রহমান সুমনের এই নতুন সৃষ্টিও দর্শকদের প্রত্যাশা পূরণে শতভাগ সফল হবে।










