ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। অলিভিয়ার নতুন অ্যালবাম ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’ প্রকাশের প্রথম সপ্তাহেই বিলবোর্ড টু হানড্রেডের শীর্ষে জায়গা করে নিয়েছে।

১২ জুন প্রকাশ হয় অ্যালবামটি। প্রথম সপ্তাহে ৪ লাখ ৮৫ হাজার সমমানের অ্যালবাম ইউনিট বিক্রি ও স্ট্রিমিং হয়েছে। এটি কেবল রদ্রিগোর ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী সপ্তাহই নয়, চলতি বছরে কোনো একক শিল্পীর জন্যও সবচেয়ে বড় প্রথম সপ্তাহের রেকর্ড। অ্যালবামটির ১৫টি ভিন্ন সংস্করণ প্রকাশ করা হয়েছিল। বিষয়টি অ্যালবামের বিক্রিতে বড় ভূমিকা রেখেছে। এর মধ্যে শুধু ভিনিল বিক্রিই ছিল ১ লাখ ৬৪ হাজার ইউনিট। রদ্রিগোর জন্য ভিনিল ফরম্যাটে এ পরিমাণই সর্বোচ্চ এবং ২০২৬ সালে কোনো নারী শিল্পীর জন্যও ভিনিল বিক্রির ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যা।

এর আগে রদ্রিগো ২০২১ সালে তার প্রথম অ্যালবাম সাওয়ার এবং ২০২৩ সালে দ্বিতীয় অ্যালবাম গাটস দিয়ে বিলবোর্ড টু হানড্রেডের শীর্ষে উঠেছিলেন। সাওয়ার প্রথম সপ্তাহে ২ লাখ ৯৫ হাজার এবং গাটস ৩ লাখ ২ হাজার সমমানের অ্যালবাম ইউনিট অর্জন করেছিল।

ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ প্রকাশের আগে রদ্রিগো চার্ট শীর্ষে ওঠা গান ড্রপ ডেড এবং দ্বিতীয় একক গান দ্য কিউর প্রকাশ করেন। দ্য কিউর বিলবোর্ড চার্টে পঞ্চম স্থানে উঠেছিল।

বর্তমানে রদ্রিগো তার আনর‍্যাভেলড ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হার্টফোর্ড শহর থেকে সফরটি শুরু হবে। এরপর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠান শেষে ২০২৭ সালে ইউরোপে আবারো এ সফর শুরু হবে।

ভ্যারাইটি সাময়িকীর সমালোচক ক্রিস উইলিয়াম অ্যালবামটির গল্প বলার ধরন এবং আন্তরিকতার প্রশংসা করে লিখেছেন, ‘একটি সম্পর্কের পুরো যাত্রাপথ এত দক্ষতার সঙ্গে তুলে ধরার ক্ষমতা প্রমাণ করে, অলিভিয়া রদ্রিগো কতটা অসাধারণ প্রতিভার অধিকারী। তার স্বর্গীয় কণ্ঠ ও নিখুঁত ভোকাল স্টাইলের বাইরেও তিনি একজন সত্যিকারের শক্তিশালী শিল্পী।’

এ সপ্তাহে বিলবোর্ড টু হানড্রেডের শীর্ষ দশে নতুন করে অভিষেক হওয়া একমাত্র অ্যালবাম হলো ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ। ফলে চার সপ্তাহ ধরে শীর্ষে থাকা আইসম্যানকে সরিয়ে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে। ড্রেকের অ্যালবামটির পর তৃতীয় স্থানে রয়েছে ড্যান্ডেলিয়ন।

সূত্র: ভ্যারাইটি