একাধারে নাট্যকার, নির্দেশক, অভিনেতা, সংগঠক মামুনুর রশীদ। স্বাধীনতার পর অল্প যে ক’জন মানুষ মঞ্চ নাটককে এগিয়ে নিয়ে যায়, তাদের মধ্যে অন্যতম তিনি।

গুণী এ মানুষটি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ২২ জুন রোববার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডিএফডব্লিউ ফ্যামিলি চার্চে একক অভিনয় নিয়ে হাজির হচ্ছেন তিনি। ওইদিন মঞ্চায়ন হবে তাঁর অভিনীত নাটক ‘তুম্বা ও প্রতিবেশী’। নাটকটি লেখার পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব।

নাটকটি পরিবেশনায় দায়িত্বে রয়েছে ডালাস বাঙলা থিয়েটার। নাট্যদলটি তাদের ফেসবুক পেইজে লিখেছে, ‘ডিএফডব্লিউ ফ্যামিলি চার্চে মামুনুর রশীদ ‘তুম্বা ও প্রতিবেশী’ হৃদয়স্পর্শী নাটকটি পরিবেশন করবেন। জীবন্ত কিংবদন্তির অভিনয়ে মন্ত্রমুগ্ধ করার এটি এক অনন্য সুযোগ। মিস করবেন না!’
এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকুরকে নিয়ে নাটকের গল্প।

এতে দেখা যাবে, রাহাত চৌধুরী একজন ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত ব্যক্তি। প্রতিবেশী রুবাইয়াত আলীর পোষা কুকুর তুম্বার সঙ্গে শুরুতে তাঁর সম্পর্কটা ঠিক সৌহার্দ্যপূর্ণ ছিল না। পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের জন্য রাহাত চৌধুরীকে চড়া মূল্যও দিতে হয়। ত্যক্তবিরক্ত হয়ে রাহাত চৌধুরীর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। নিঃসঙ্গ জীবনে তুম্বা ছাড়া কেউ থাকে না। একটি ঘটনা রাহাত চৌধুরীকে আরও নিঃসঙ্গতার দিকে নিয়ে যায়। গত ২৪ মার্চ ঈদ উপলক্ষে মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে নাটকটির উদ্বোধনী পর্ব মঞ্চস্থ হয়েছিল। বাঙলা থিয়েটার প্রযোজিত নাটকটিতে মামুনুর রশীদের অভিনয় বেশ প্রশংসিত হয়।