নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ—তিন মাধ্যমে সক্রিয় থাকলেও কাজের সংখ্যা হাতেগোনা। ভালো গল্প ও চরিত্রকেই প্রাধান্য দিয়ে বেছে বেছে কাজ করেন এ অভিনেত্রী।
২০০৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন তানজিকা। এরপর দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় তার যাত্রা শুরু হয়। দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করলেও কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে পছন্দের চরিত্রে নিজেকে মেলে ধরতেই বেশি আগ্রহী তিনি।
এ প্রসঙ্গে তানজিকা বলেন, ‘সহজ কথায় উত্তর দিলে, আমি অল্পতে তুষ্ট। অল্প কাজ করি, যেটি নিয়ে সন্তুষ্ট। হয়তো সুপারস্টার হইনি, অভিনেত্রী হয়েছি। অভিনয় ভালোবাসি। ভালো আছি, সুস্থ আছি, অভিনয় করছি। এ আমার জীবন।’
তানজিকার ক্যারিয়ারে সবচেয়ে বেশি আলোচিত চরিত্রগুলোর একটি মিতু। ২০২৩ সালে আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’-এ মিতু চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পান তিনি। চরিত্রটি এখনো দর্শকের মনে গেঁথে আছে বলে মনে করেন এ অভিনেত্রী।
মিতু চরিত্রটি নিয়ে তানজিকা বলেন, ‘সাধারণ দর্শকের পাশাপাশি আমার কাছের মানুষও মিতু চরিত্রটির জন্য বেশ আপ্লুত। চরিত্রটি মানুষের মনে গেঁথে আছে। ভালো কাজ করার পর চাপ বেড়ে যায় শিল্পীদের। আমারও তাই হয়েছে।’
সে চাপ সামলে পরের কাজগুলোয়ও নিজেকে প্রমাণ করেছেন তানজিকা। ২০২৪ সালে সালজার রহমান পরিচালিত ‘কালপুরুষ’ সিরিজে নোভা চরিত্রে অভিনয় করেন তিনি। নিঃসন্তান এক দম্পতির অসুখী দাম্পত্য জীবনের গল্প নিয়ে নির্মিত এ সিরিজেও তার অভিনয় প্রশংসিত হয়।
২০২৫ সালে মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোহেমিয়ান ঘোড়া’। এ সিরিজে প্রথমবারের মতো হিজাব ও বোরকা পরে অভিনয় করেন তানজিকা। এমন গেটআপে এর আগে তাকে দেখা যায়নি।
গত বছরের ডিসেম্বরে মাত্র চারদিনের ব্যবধানে মুক্তি পায় তানজিকার আরো দুটি ওয়েব সিনেমা, শরাফ আহমেদ জীবনের ‘ডিমলাইট’ ও রায়হান রাফীর ‘অমীমাংসিত’। ডিমলাইটে তানিয়া নামের এক গৃহিণীর চরিত্র এবং অমীমাংসিত সিনেমায় একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেন তিনি।
সাম্প্রতিক এসব কাজের মাধ্যমে ওটিটিতে নিজের আলাদা দর্শক তৈরি হয়েছে বলে মনে করেন তানজিকা। তিনি বলেন, ‘কাজগুলোর সুবাদে ওটিটিতে আমার আলাদা ফ্যান-ফলোয়ার হয়েছে। এটি আমার জন্য অনেক বড় পাওয়া। নাটকের বাইরে নতুন দর্শক তৈরি হয়েছে। নিজেকে দেখানোর সুযোগ পাচ্ছি। নাটকে হয়তো সবসময় সেটা দেখানোর সুযোগ হয়ে ওঠেনি।’










