বিগত কয়েক মাস ধরে কনসার্ট আয়োজকরা একের পর এক আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছেন পাকিস্তানি শিল্পীদের। এরই মধ্যে ঢাকায় কনসার্ট করে গেছে ব্যান্ড জাল, কাভিশসহ আতিফ আসলামের মতো শিল্পীরা।
এবার ঈদের ঠিক পর পরই ঢাকায় গাইতে আসছেন বলিউডের গানে তুমুল জনপ্রিয়তা পাওয়া পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ। মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন প্রেজেন্টস ‘মেলোডি আনলিশড’ নামের এ কনসার্টটি হতে যাচ্ছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে।
কনসার্ট আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১১ এপ্রিল ‘মেলোডি আনলিশড’ নিয়ে আসছে এক জাদুকরী সংগীত সন্ধ্যা। প্রথমবারের মতো পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ বাংলাদেশে তার হৃদয়স্পর্শী হিট গান ও শক্তিশালী কণ্ঠস্বর দিয়ে মঞ্চ মাতাবেন।
ঢাকায় কনসার্টে আসার খবরটি মুস্তফা জাহিদ নিজেও অফিশিয়াল ফেসবুকে শেয়ার করেছেন। দিয়েছেন ভিডিও বার্তা।










