দীপ্ত টিভির জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বকুলপুর’-এর তৃতীয় সিজন শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে গত সোমবার দীপ্ত টিভির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ধারাবাহিকটির সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন ‘বকুলপুর সিজন-৩’-এর অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার, পরিচালক ও দীপ্ত টিভির কর্মকর্তারা।
‘বকুলপুর সিজন-৩’ প্রচারিত হবে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৭টায়। দীপ্ত টিভির পাশাপাশি দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্লাটফর্মেও দেখা যাবে ধারাবাহিকটি।
নতুন এ সিজনে যাত্রাপালার রঙিন জীবনের নানা টানাপড়েনের সঙ্গে যুক্ত হয়েছে গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব। আহমেদ শাহাবুদ্দীন রচিত ধারাবাহিকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। আগের দুই সিজনের জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি এবার যুক্ত হয়েছে বেশকিছু নতুন চরিত্রও।
স্বপ্নিল প্রডাকশন্স প্রযোজিত ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, আজাদ আবুল কালাম, দীপা খন্দকার, কচি খন্দকার, নরেশ ভুঁইয়া, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, আনিসুল হক বরুণ, সঞ্জীব আহমেদ, ডেভোরা কুইয়াহ সিলভিয়া, উপমা, অনু, দিশা, শাহেদ শাহরিয়ার, শাকিল আহমেদ, মঈন হাসান, শামীম মোল্লাহ, মুস্তাফিজ শাহিন প্রমুখ।










