মালবাহী ট্রেন এড়াতে তিন ব্যক্তি দ্রুত উঠে পড়েন পাশের লাইনে। কিন্তু সেই লাইন ধরে আসা এক্সপ্রেস ট্রেনের নিচে প্রাণ গেল তাদের। নাটোরের লালপুরের কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীসহ তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন লালপুর উপজেলার কেশবপুর গ্রামের মুনতাজ মাস্টার (৬২), নারায়ণপুরের জমির উদ্দিন (৬০) এবং একই গ্রামের সাথী খাতুন (৩০)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, দুপুর দেড়টার দিকে লালপুর উপজেলার কেশবপুর এলাকায় রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন তারা। সে সময় একটি মালবাহী ট্রেন আসলে ওপর লাইনে উঠেন তারা। তখন ওই লাইন দিয়ে আসছিল রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস। সে ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যু হয়। 

আরো জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে অবগত করা হয়।