ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের এক নেতার ওপর হামলার প্রতিবাদে খুলনায় চলা ট্যাংক-লরি শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, বৃহস্পতিবারের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা হবে—এমন আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছি।
কর্মবিরতি স্থগিতের ফলে শ্রমিকরা গতকাল বুধবার আবারো নগরের খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ১৫ জেলায় সরবরাহ শুরু করেন।
মোকসেদ বলেন, বৃহস্পতিবারের পর আরো দুদিন অর্থাৎ আগামী শনিবারের মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয় তাহলে রোববার থেকে আবার আমরা কর্মবিরতিতে যাব।
খালিশপুর থানার ওসি কামাল হোসেন বলেন, সোমবার ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনকে কুপিয়ে আহত করে একদল দুর্বৃত্ত। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে দুজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে খালিশপুর থানায় মামলা করেন। আসামিদের গ্রেফতারের দাবিতে শ্রমিকরা মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি কামাল।










