সিরাজগঞ্জে ঢাকা-যমুনা সেতু মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গাড়িচালক, দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতির সময় ঠিক পেছনে থাকা আরেকটি প্রাইভেট কার থেকে ঘটনাটির ভিডিও করে ফেসবুক পেজে আপলোড করেন ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী। তিনি জানান, তারা বগুড়া থেকে ঢাকায় ফিরছিলেন। যমুনা সেতুর প্রায় এক কিলোমিটার আগে কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে দেখেন ১০-১২ জন একটি প্রাইভেট কারের গ্লাস ভাংচুর করে লুটপাট করছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে ঘটনাস্থল যমুনা সেতু পশ্চিম থানার অধীনে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘ভিডিও আমরাও দেখেছি। তবে জায়গাটি কোথায় তা নিশ্চিত হতে পারছি না। ঘটনাটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে কিনা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টাও চলছে।’










