কক্সবাজারের টেকনাফে বাহারছড়ার পাহাড়ে বন্দি অবস্থায় নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। গতকাল সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। সাগরপথে তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে করাচিপাড়া ঘাটসংলগ্ন একটি ঘরে আটকে রাখা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

সিয়াম-উল-হক জানান, অভিযান চলাকালে একটি ঘর থেকে তাদের উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে। মানব পাচার রোধে কোস্টগার্ড তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।