নাটোরের লালপুরে গোপলাপুর চিনিকলের নিজস্ব ১০ একর জমির আখ আগুনে পুড়ে গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে চিনিকল এলাকার সাবজোনের পেছনে এ ঘটনা ঘটে। লালপুর ও দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে লালপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাব্বির আহম্মদ বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দুর্বৃত্তরা মিলজোনের ১নং সাবজোন এলাকায় আখের জমিতে আগুন ধরিয়ে দেয়। পরে আগুন দেখে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবীর বলেন, চিনিকলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া লালপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।