নাটোর থেকে বগুড়ায় পাচারকালে তিনটি ট্রাকে ১ হাজার ২০০ বস্তা সরকারি ডিএপি সারসহ ছয়জনকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার রাতে বগুড়ার রানীরহাট এলাকা থেকে সারসহ তাদের আটক করা হয়। জব্দ করা সারসহ আটককৃতদের নাটোর র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
র্যাব-৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, নাটোর বিএডিসি গোডাউন থেকে তিনটি ট্রাকে করে সরকারি ডিএপি সার লোড করে চোরাইপথে বগুড়ায় পাচার করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ টিম দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বগুড়ার রানীরহাট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় তিনটি ট্রাক থামিয়ে চালকদের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে চোরাইপথে সার পাচার করা হচ্ছে এমন তথ্যের সত্যতা পাওয়া যায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তিনটি ট্রাক থেকে ১ হাজার ২০০ বস্তা সার উদ্ধার ও তিনটি ট্রাকের চালকসহ ছয়জনকে আটক করে নাটোর র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধার করা সরকারি সারগুলো শুধু নাটোর জেলার ভেতর সরবরাহের জন্য বরাদ্দ ছিল। অসদুপায় অবলম্বন করে এগুলো পাচার হচ্ছিল। এ নিয়ে আরো অনুসন্ধান চলছে। ট্রাকচালকরা পাচারের বিষয়টি স্বীকার করে বলেন, তারা নাটোর বিএডিসি গোডাউন থেকে সারগুলো নিয়ে বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছে দিতে গিয়েছিলেন।










