চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১০ পকেট নামক স্থানে চিলাহাটী থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম মিনাল হোসেন (২২)।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিনাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার মরহুম মিন্টু মিয়ার ছেলে।

মিনালের মামাতো ভাই বিদ্যুত হোসেন জানান, ব্যক্তিগত জীবনে মিনাল অবিবাহিত থাকায় তার মা শেফালী খাতুনের সঙ্গে বাড়িতেই বসবাস করতেন। মানসিকভাবে অসুস্থ থাকায় বাড়ি থেকে তেমন বের হতেন না। এদিন বিকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ঘোড়ামারা ব্রিজের কাছে রেললাইনের ওপর বেড়াতে যান। কিছুক্ষণ পর খবর আসে মিনাল ট্রেনের ধাক্কায় মারা গেছেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ বসু সন্ধ্যা ৭টায় জানান, প্রাথমিকভাবে জানা গেছে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে তরুণটির মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমূত্যুর মামলা করা হবে।