মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় গরুবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে বিল্লাল মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) দিবাগত রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল মন্ডল কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কাঞ্চনপুর এলাকার আজম আলি মন্ডলের ছেলে। একটি ট্রাকে করে গরু নিয়ে ঢাকা যাচ্ছিল তারা। এ সময় ট্রাকের আরো ২ জন আহত হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের বন্দরখোলা এলাকায় সামনের একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা লাগে গরুবাহী ট্রাকটির। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই বিল্লাল নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।















