বাগেরহাটের রামপালে দুই চিকিৎসক ও একটি ডায়গনস্টিক সেন্টারকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে অপরিচ্ছন্ন পরিবেশ, ভঙ্গুর অবকাঠামো এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অপরাধে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারের নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া আইন বহির্ভুতভাবে নামের পিছনে ডাক্তার লেখা ও এখতিয়ার বহির্ভূত প্র্যাক্টিস করার অপরাধে কামরুন নাহার মাহফুজা নামের এক মেডিকেল এ্যাসিস্ট্যান্টকে ১০ হাজার টাকা এবং মা মেডিকেল হলের প্রোপাইটর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট নারায়ন চন্দ্র মন্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যা বের সহযোগিতায় পরিচালিত অভিযানে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার আজিজুল কবির ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই অর্থদণ্ডাদেশ দেন।
তিনি বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারা মোতাবেক দুজন চিকিৎসককে ৬০ হাজার টাকা এবং ডায়গনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যা ব-৬ এর কর্মকর্তা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপাল উপজেলার ফয়লাহাট বাজারের নিউ এ্যাপোলো ডায়গনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে নানা অব্যবস্থাপনা ও লাইসেন্স না থাকার মতো অপরাধ পাওয়া যায়। র্যা ব-৬ এর এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।










