বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটি ঘিরে নারায়ণগঞ্জের সোনারগাঁয় শুরু হয়েছে বৈশাখী মেলা। গত রোববার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে ১৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘পহেলা বৈশাখ সকলের উৎসব’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মুহম্মদ সামাদ। এ সময় সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পহেলা বৈশাখ আনন্দোৎসবের প্রভাতী আয়োজনে ছিল মঙ্গল শোভাযাত্রা, সেমিনার, গ্রাম-বাংলা ও বৈশাখী উৎসব শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রামীণখেলা ও জাতীয় খেলা হা-ডু-ডু।

এবারের মেলায় অংশগ্রহণ করেছেন রাজশাহীর শখের হাঁড়িশিল্পী সুশান্ত পাল, রিকশা ও রিকশা চিত্রশিল্পী এসএ মালেক, জামদানি শিল্পী ইব্রাহিম, দারুশিল্পী আব্দুল আওয়াল মোল্লা, বীরেন্দ্র সূত্রধর, শোলাশিল্পী শ্রী নিখিল মালাকার, নকশিকাঁথা শিল্পী পারভীন আক্তার, হোসনে আরা বেগম, ঝিনুক শিল্পী মো. নূরুল ইসলাম, বাঁশ-বেত কারুশিল্পী পরেশ চন্দ্র দাস, হাতপাখা কারুশিল্পী বাসন্তী সূত্রধর, শতরঞ্জি শিল্পী আনোয়ার হোসেন এবং উদ্যোক্তাসহ ৩২টি স্টলে ৬৪ জন কারুশিল্পী।

এছাড়া থাকছে পক্ষকালব্যাপী বৈশাখী আনন্দযজ্ঞ সেমিনার, পালাগান, মালজোড়া গান, কবিগান, বাউলগান, পালকির গান, কিচ্ছা গান, ভাটিয়ালি গান, মাইজভাণ্ডারি গান, লালন, হাছন রাজা এবং জারি-সারি গান।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। মেলা উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তায় সোনারগাঁ জাদুঘর চত্বরে অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।