নাটোরের লালপুরের গোপালপুরে জ্বালানি তেলের সঙ্গে পানি মেশানোর অপরাধে মেসার্স সততা ফিলিং স্টেশন মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এ জরিমানা করেন।

জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করা অন্তত ২৫-৩০ শ্রমিক তাদের মোটরসাইকেলে পেট্রল নিতে গোপালপুরের মেসার্স সততা ফিলিং স্টেশনে যান। যে যার মতো পেট্রল নেয়ার পর আর মোটরসাইকেল স্টার্ট নেয়নি। এ সময় মোটরসাইকেল চালকদের সন্দেহ হলে তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় খবর দেন। পরে  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাকের নেতৃত্বে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।