কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই গ্রামের আবদুল করিমের মেয়ে তাসফিয়া নূর (৯) ও জান্নাতুল মাওয়া (৫)। এরা দুজনই রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে তাসফিয়া নূর তৃতীয় শ্রেণীতে এবং জান্নাতুল মাওয়া শিশুশ্রেণীতে অধ্যয়নরত ছিল।

ওই দুই ছাত্রীর বাবা আবদুল করিম জানান, গতকাল সকাল ১০টার দিকে তার  মেয়েসহ পাশের আরো কয়েকটি শিশু গরুর জন্য ঘাস আনতে বাঁকখালী নদীর তীরে যায়। কেটে নেয়া ঘাস বাঁকখালী নদীর পানিতে ধোয়ার জন্য গেলে চার শিশু পানিতে পড়ে যায়। চার শিশুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকাবাসী নদীতে উদ্ধারে নেমে পড়েন। একপর্যায়ে দুই শিশুকে জীবিত উদ্ধার সম্ভব হলেও নিখোঁজ হয় তার দুই মেয়ে। দুপুর ১২টার দিকে তাসফিয়া নূর ও দুপুর সাড়ে ১২টার দিকে জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, আবদুল করিম দম্পতি দুই কন্যাশিশু হারিয়ে এখন নিঃসন্তান হয়ে পড়েছে।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো ঘটনাস্থলে যান।