কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার ৪৮ দশমিক ০৪ শতাশ। পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। মোট জিপিএ- ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস’র মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফল জানতে পারছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল পরিসংখ্যান মোতাবেক এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েরা ভাল করেছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। অংশগ্রহণকারী ছাত্র ৩৬ হাজার ৭২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ জন।
শিক্ষাবোর্ডের ফলাফল মোতাবেক এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাশ করেছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং একজন পরীক্ষার্থীও পাশ করেনি ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় বিগত বছরের চেয়ে পাশের হার কিছুটা কমছে। গত ২০২৫ সালে পাশের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। এবার পাশের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।










