পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের আরো একটি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী বিশেষ যানবাহনগুলো প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে দ্বিতীয় ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানির চারটি চালান পৌঁছাল।

প্রকল্প সূত্র জানায়, গতকাল শুক্রবার রাশিয়া থেকে বিশেষ বিমানে ইউরেনিয়ামের চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে গতকাল শেষ রাতে তিনটি লরিতে করে চালানটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।

এ সময় সড়কপথে জ্বালানি পরিবহনের সময় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। সেনাবাহিনী, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এ নিরাপত্তা নিশ্চিত করা হয়। পরিবহনের সময় মহাসড়কে যানজট এড়াতে সাময়িকভাবে ভারী যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির চাহিদা মেটাতে দুটি চালানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে রাশিয়া থেকে পর্যায়ক্রমে আরো সাতটি উড়োজাহাজে ইউরেনিয়ামের চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

চুক্তি অনুযায়ী, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরুর প্রথম তিন বছর রাশিয়া প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশকে এ জ্বালানি আমদানি করতে হবে।

২ হাজার ৪০০ মেগাওয়াট মোট উৎপাদনক্ষমতার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে এরই মধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষের আশা, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।