এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। এবার পাসের হারে বরাবরের মতো মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন ছেলেরা।
প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাস করাদের মধ্যে ছাত্র ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন এবং ছাত্রী ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। ছাত্রদের গড় পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের গড় পাসের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।
তবে জিপিএ-৫ প্রাপ্তিতে এবার ছাত্রীদের পেছনে ফেলেছেন ছাত্ররা। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। তাদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।
হিসাব অনুযায়ী, ছাত্রীদের চেয়ে ৬৪২ জন ছাত্র বেশি জিপিএ-৫ পেয়েছেন। ফল পর্যালোচনায় দেখা যায়, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এর চেয়ে কম পাসের হার সর্বশেষ ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি। সেই হিসাবে গত ২১ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম।










