জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কাজ করছে। জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ বরদাশত করা হবে না।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নগরবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে দিনব্যাপী এ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার কোনো স্বপ্ন দলটি দেখে না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। সরকারের সাত মাসে স্বচ্ছতা ও জবাবদিহির প্রমাণ হিসেবে মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নেয়া প্রশাসনিক ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ সহ্য করা হবে না বলেও জানান।

সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের ফলাফল তুলে ধরে মীর শাহে আলম বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে তারা। অনৈতিক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করা রাজনৈতিক দলগুলোকেও জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারের কোনো ব্যর্থতা কিংবা বিদ্যুৎ সরবরাহে লোডশেডিংয়ের মতো বিষয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তার মতে, এ ধরনের পদক্ষেপ বিএনপির সততার পরিচয় এবং অন্য দলগুলোর সঙ্গে দলটির পার্থক্য তুলে ধরে।

মীর শাহে আলম আরো বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগ নিয়েছে দলটি। এসব কাজের ভিত্তিতে আগামী দিনে ঢাকাবাসী আবারও বিএনপির প্রার্থীদের নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা শিবির অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করা, আক্রান্ত রোগী শনাক্ত করা এবং চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে একটি অস্থায়ী স্বাস্থ্যসেবা শিবির উদ্বোধন করা হয়। দিনব্যাপী এ শিবিরে নগরবাসীকে স্ত্রীরোগ, শিশুরোগ, চর্মরোগ, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা, অসংক্রামক রোগ, পুষ্টি ও সাধারণ চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশন ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা অংশ নেন।