বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। গতকাল শুক্রবার রাতে উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগ দেন তিনি। এর পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম।
তিনি জানান, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মামলাটি তাহসিফের মরদেহ উদ্ধারকারী ইউনিট নৌ-পুলিশ তদন্ত করবে বলে জানা গেছে।
গত বুধবার বিকালে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে শুক্রবার মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে পুলিশ।










