এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতেই পরীক্ষা দিতে পারবেন তারা।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বর্তমানে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে পরের বছর আবার পরীক্ষায় অংশ নিতে হয় শিক্ষার্থীদের। সে ক্ষেত্রে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা ইচ্ছা করলে সব বিষয়ে পরীক্ষা দেয়ার সুযোগ থাকে।
এ বছর গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।
২০২৫ সালের এ পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে। এবার ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ, ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, চট্টগ্রাম ৫২ দশমিক ০৭ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, রাজশাহীতে ৪৫ দশমিক ০৬ শতাংশ, কারিগরিতে ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৬১ দশমিক ০৭ শতাংশ।










