গাইবান্ধার গোবিন্দগঞ্জে আঞ্চলিক সড়কে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। 


গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট গাইবান্ধা আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় নিহত সিএনজি চালক আব্দুস সামাদ মণ্ডল (৬০) ঘটনাস্থলেই মারা যান। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের মধ্যে অপর সিএনজি চালক জাহেদুল ইসলামের বাড়ি হরিরামপুর ইউনিয়নের বড়দহ পূর্বপাড়া গ্রামে। তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ২ জন যাত্রীর নাম পরিচয় এখনো জানা যায়নি।