এদের মধ্যে বাগেরহাটে তিনজন এবং শেরপুর, টাঙ্গাইল ও ঠাকুরগাঁওয়ে দুজন করে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:

শেরপুর: সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘ডাম্প ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।’

টাঙ্গাইল: কালিহাতীতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বিএনপি নেতাসহ দুজন নিহত হয়েছেন। গতকাল টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার এলেঙ্গা পৌরসভা রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল হামিদ ও আব্দুর রশিদ। আব্দুল হামিদ টাঙ্গাইল মগড়া ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে এবং আব্দুর রশিদ কালিহাতী উপজেলা এলেঙ্গা দক্ষিণ পাড়া গ্রামের মৃত রোস্তম আলী সরকারের ছেলে। আব্দুর রশিদ এলেঙ্গা পৌর বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক ছিলেন।

বাগেরহাট: পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ভট্ট বালিয়াঘাটা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ পণ্যবাহী ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নিহতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক আব্দুল কাদের ফরাজী ও মোংলা বন্দরে কর্মরত জাহাজচালক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বাহাদুর শিকদার। তবে বাকি একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, মোংলা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তিনজন খুলনা-মোংলা জাতীয় মহসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক আসা অন্য একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজনসহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁও: মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে গতকাল দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন সদর উপজেলার মথুরাপুর গ্রামের ঋষিকেশ রায়ের ছেলে ঋত্বিক রায় (২৫) এবং একই গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. আশিক (২৫)। তারা দুজন বন্ধু ছিলেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মো. কামরুজ্জামান বলেন, ‘মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে মোড় পার হচ্ছিল। সে সময় চালক নিয়ন্ত্রণ হারান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’