বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও একাধিক হত্যা মামলার আসামি সাবেক সমাজ কল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী।

পুলিশ জানায়, লালমনিরহাট-২ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন নুরুজ্জামান আহমেদ এবং পরপর দুই মেয়াদে তিনি সমাজ কল্যাণমন্ত্রী ছিলেন। আওয়ামী সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। নুরুজ্জামান আহমেদ রংপুর নগরীর সেন্ট্রাল রোডের এক আত্মীয়র বাসায় অবস্থান করছেন জানতে পেয়ে পুলিশ বাসা ঘিরে রাখে। এরপর সে বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানায় নিয়ে আসা হয়।

পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।