সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৫ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে। গতকাল সকালে সলঙ্গা থানার কুতুবের চর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা। এ সময় পিরানহা বিক্রির দায়ে দুজনকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী, ঘুড়কা, চান্দাইকোনা, ব্রহ্মগাছা, ভুইয়াগাতি, নিমগাছি ও সলঙ্গাসহ বিভিন্ন বাজারে অবাধে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। অনেক ক্রেতা না জেনেই এ মাছ কিনে নিয়ে যান। বিশেষ করে দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষের মধ্যে এ মাছের চাহিদা তৈরি হয়েছে। এমন খবরের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘পিরানহা মাছ চাষ ও বিক্রি বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’