মানিকগঞ্জের সিংগাইরে ট্রিপল মার্ডার মামলার রায় গতকাল ঘোষণা করেছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে মামলার আট আসামিকে যাবজ্জীবন এবং আরো আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় চারজনকে খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সিংগাইর উপজেলার গোবিন্ধল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট আসামির মধ্যে রয়েছেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।
আদালত সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার গোবিন্ধল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ তিনজনকে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন।
ঘটনার দিন নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।
রায়ে নিহতদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার।










