নাটোরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি, ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
আজ রোববারের এ ঘটনার পর অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি পুনরায় চালু করে গন্তব্য স্থানে পৌঁছানো হয়েছে বলে জানা যায়।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে এসে পৌঁছায়। পরে পৌনে ১১টার দিকে ঘুরিয়ে লাইনে উঠানোর সময় হঠাৎ করে ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া দেখতে পায় রেলকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে।
এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রেল স্টেশন কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয় উত্তরা এক্সপ্রেস।










