ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। গতকাল রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় চারজন নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি বলেন, ‘আমরা আশা করছি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হবে। তখন আপনারা তারিখগুলো জানতে পারবেন।’

মক ভোটিংটার মতো করে একটা ইলেকশন উপহার দিতে ও এমন স্বচ্ছভাবে ভোট করতে চান বলে জানান সিইসি। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতি হবে এবং পরিস্থিতি নির্বাচনের অনুকূল থাকবে বলেও জানান তিনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমরা নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করছি। সবাই ট্রেনিং করছে। ভোটের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টা আমরা নিশ্চিত করব।’ এছাড়া ধীরে ধীরে পরিস্থিতির আরো উন্নতি হবে বলে উল্লেখ করেন সিইসি।

মক ভোটিং আয়োজনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, ‘আমরা জাতির কাছে একটা সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার ওয়াদা দিয়েছি। মক ভোটিংয়ের এ আয়োজনের উদ্দেশ্য হলো একটা আদর্শ পরিবেশে নির্বাচন দেয়ার যে ওয়াদা দিয়েছি তা পরীক্ষা করে দেখা যে ভোটকেন্দ্রে কী ধরনের পরিবেশ থাকা দরকার। ভোটার কী রকম হবে, প্রিসাইডিং অফিসাররা, পোলিং অফিসাররা কেমন করে বসবে, সাংবাদিকদের ভূমিকা কী হতে পারে। এসব যাবতীয় বিষয় আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখতে চেয়েছি মক ভোটিং অনুশীলনের মাধ্যমে। এখানে আপনারা দেখেছেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভোটকেন্দ্রে প্রবেশ করছে। তারপর স্লিপটা নিয়ে দেখাচ্ছে। পোলিং অফিসার ডাক দিচ্ছে। তারপর সহকারী প্রিসাইডিং অফিসার ব্যালট পেপার দিচ্ছে। এরপর প্রাইভেট রুমে ঢুকে ভোট দিয়ে বাক্সে ফেলছে। এ বিষয়গুলো অনেকেই জানে না।’