সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে আরো বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট সব পরীক্ষার্থী, কেন্দ্রসচিব ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।