দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শীতপ্রবণ এ এলাকায় গতকাল সকাল ৯টায় ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গল আবহাওয়া কার্যালয় সূত্র জানায়, কয়েক দিন থেকে দেশের উত্তরাঞ্চলের মতো মৌলভীবাজারের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাস বইছে। দিনে সূর্যের আলো থাকলেও সন্ধ্যার পর থেকে শীত জেঁকে বসে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক জাহিদ হাসান জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আরো কয়েক দিন শীত থাকবে। ছয় বছর পর এখানে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।










