নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ঢাকাগামী ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ভটভটির সংঘর্ষ  হয়েছে। এতে ট্রেনের জ্বালানি তেলের ট্যাংকে ছিদ্র হয়ে গেছে। গুরুতর আহত হয়েছেন ভটভটিচালক। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গতকাল বেলা ৩টার দিকে ফতুল্লার দাপা শিহাচর এলাকার শাহজাহান রি-রোলিং কারখানার সামনে অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই ভটভটিচালকের নাম-পরিচয় জানা যায়নি। তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে সদর উপজেলার দাপা শিহাচর এলাকায় শাহজাহান রি-রোলিং কারখানার সামনে অনুমোদনহীন লেভেল ক্রসিং পারাপারের সময় ঢাকাগামী ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই একটি ভটভটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ভটভটিটি ছিটকে দূরে গিয়ে পড়ে। এতে ভটভটির চালক গুরুতর আহত হন। এ সময় ভটভটির ধাক্কায় ট্রেনের জ্বালানি তেলের ট্যাংকে ছিদ্র হয়ে যায়। ফলে ট্রেনটি দুর্ঘটনাস্থলে থেমে যায়। কিছুক্ষণ পর চালক ট্রেনটি চালিয়ে ফতুল্লা স্টেশনে নিয়ে যান।

চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার খাজা সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ফতুল্লা স্টেশনের কাছাকাছি এলাকায় শাহজাহান রি-রোলিং কারখানার সামনে অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেন-ভটভটির সংঘর্ষে জ্বালানি তেলের ট্যাংকে ছিদ্র হয়ে যায়। পরে ফতুল্লা স্টেশন থেকে ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সংঘর্ষের কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। বিকাল ৪টা ১০ মিনিটের এক জোড়া ট্রেনের যাত্রা বাতিল করা হয়।’

নারায়ণগঞ্জ রেল পুলিশের পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘অবৈধ লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ভটভটির চালক গুরুতর আহত হয়েছেন। শুনেছি তার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। 

আহত চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’