গুচ্ছ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উল্লেখিত লিংকে অনলাইনে আবেদনের পদ্ধতি এবং স্কুল (অনুষদ) ও ডিসিপ্লিন আরোপিত আলাদা শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
শিক্ষার্থীরা ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ২৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল পাওয়া শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ১৫টি ডিসিপ্লিনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
‘এ’,
‘বি’
ও ‘সি’ ইউনিটের ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের অধীন ১৪টি ডিসিপ্লিনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ডিসিপ্লিনগুলোর নির্ধারিত শর্তের ভিত্তিতে পরবর্তী সময় চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।
চলতি বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ডিসিপ্লিনের জন্য নির্ধারিত ১ হাজার ১৬৯ আসন ছাড়াও মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বিদেশী শিক্ষার্থী কোটা সংরক্ষিত থাকবে। এছাড়া প্রতি স্কুলে একটি করে বিকেএসপি কোটা সংরক্ষিত থাকবে।
বিদেশী নাগরিকদের এ বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের জন্য বিস্তারিত যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।










