রাজধানীর মুগদা থানার মান্ডার আব্দুল করিম রোডে একটি ভবনের বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপ -পরিদর্শক(এসআই) মো. আবু রায়হান জানান, আমরা খবর পেয়ে মুদার মান্ডার আব্দুল করিম রোডের শাহনাজ ভিলা নামে একটি বাসার বেজমেন্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করি। অংশগুলো অর্ধগলিত অবস্থায় ছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, ডিএনএ নমুনা সংগ্রহ ও প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।










