মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি চা বাগান ও কমলগঞ্জের ধলাই নদ থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন কৃষক ও একজন চা শ্রমিক।
পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুরে শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগানের একটি সেকশনে চা গাছের নিচে কৃষক নুরুল ইসলামের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নুরুল ইসলাম পার্শ্ববর্তী সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে।
নিহতের ভাই আবুল মিয়া জানান, নুরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরেননি। আজ আমরইল ছড়া চা বাগানের ৩ নং সেকশনে মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে দেখতে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন তিনি। কেউ হত্যা করে ফেলে গেছে বলে অভিযোগ করেন তিনি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, শেষ রাতেও বৃষ্টি হয়েছে। কিন্তু মরদেহের কাপড় শুকনো। ধারণা করা হচ্ছে, তাকে কোথাও হত্যা করে ভোরে এখানে ফেলে যাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে গত বুধবার দুপুরে কমলগঞ্জ উপজেলার ধলই চা বাগানের শ্রমিক রামেশ্বর রাজভর ধলাই নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। দুদিন পর আজ উপজেলা সদরের ভানুগাছ এলাকায় ধলাই নদ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।










