জলবায়ু পরিবর্তনের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশ্বের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ১০টি শহরের একটি খুলনা। যেসব দেশ জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী তাদের এ-বিষয়ক অভিযোজন ও প্রশমন প্রক্রিয়ার অর্থায়নে অন্তর্ভূক্ত করা দরকার।
গতকাল দুপুরে খুলনা সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-২৬ বিষয়ে পর্যালোচনা এবং স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনাবিষয়ক মিট দ্য প্রেসে সভাপতির বক্তৃতায় এ তথ্য জানান মেয়র তালুকদার আব্দুল খালেক।
এ সময় জানানো হয়, বিশ্ব জলবায়ু সম্মেলনে খুলনা থেকে চারজনের একটি প্রতিনিধিদল অংশ নেয়। তারা সম্মেলনের সাইড ইভেন্ট ও একটি সংবাদ সম্মেলনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে প্রতিনিধিরা ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ পুরোপুরি বন্ধের দাবি জানান। জলবায়ু সম্মেলনে ১০৪টি দেশ বন উজাড় রোধ ও বনভূমি সংরক্ষণ বিষয়ে একমত পোষণ করে সম্মতিপত্রে স্বাক্ষর করে।
মিট দ্য প্রেসে খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ মো. আলী আকবর টিপু, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের প্রধান ড. মোস্তফা সারোয়ার, বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেডের নির্বাহী পরিচালক শামীম আরফীনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা সিটি করপোরেশন ও অ্যাওসেড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।










