বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও হাসপাতাল পরিচালনায় অনিয়মের অভিযোগ বিষয়ে আজ একটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে সুপার স্পেশালাইজড হাসপাতালের প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।

দুদক জানিয়েছে, রেকর্ডপত্র পর্যালোচনায়, যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া, প্রকল্পের অর্থায়নে ১৫৭ জন কর্মকর্তা কর্মচারীকে প্রশিক্ষণ শেষে অত্র প্রতিষ্ঠানে অন্তত ৫ বছর চাকরি করবেন এরূপ শর্তে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হলেও, প্রশিক্ষণ শেষে ৮৫ জন কর্মকর্তা হাসপাতালে যোগদান করেননি মর্মে টিম জানতে পারে।

এছাড়া প্রয়োজনের অতিরিক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের অনিয়মের সত্যতাও পাওয়া যায়। অধিকন্তু, হাসপাতালের অভ্যন্তরে দুটি ব্যাংক ও একটি ফার্মেসি পরিচালনায় অনিয়ম পরিলক্ষিত হয়। অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র যাচাইপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।