নারায়ণগঞ্জের আড়াইহাজারে রান্নাঘরে চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার লাইনের লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে উপজেলার নাগেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া।

দগ্ধ অরিজিৎ কুমার সরকার (৩৫), তার স্ত্রী অপু বিশ্বাস ওরফে রিংকু (২৮) ও তাদের দেড় বছর বয়সী সন্তান কাব্যকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে রিংকুর অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। তার স্বামী ও সন্তানেরও যথাক্রমে ১৪ ও ২০ শতাংশ পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই রাসেল মিয়া জানান, রাতে শিশুর দুধ গরম করার জন্য রান্নাঘরে চুলা জ্বালাতে গেলেই আগুন ধরে যায়।

আড়াউহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল হাসান জানান, রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে সিলিন্ডারের সঙ্গে চুলার যে সংযোগ লাইন সেটি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই লাইনে কোনো লিকেজ ছিল, যা থেকে রান্নাঘরে গ্যাস জমেছিল। তা থেকেই আগুনের সূত্রপাত।