খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা
ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় দফায় সংঘর্ষে
জড়িয়েছে পুলিশ। শুক্রবার (২ আগস্ট) বিকাল ৫টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ি
মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আবার সংঘর্ষ শুরু হয়।
এ সময় মুর্হুমুর্হু টিয়ার শেল ও রাবার বুলেট
ছোড়ে পুলিশ। এতে খুলনার পুরো গল্লামারী এলাকা
রণক্ষেত্রে পরিণত হয়। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এতে এক পথচারীসহ
কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। বর্তমানে ব্রিজের এক পাশে শিক্ষার্থী ও অপর পাশে পুলিশ অবস্থান
নিয়েছে।
এর আগে শুক্রবার দুপুর ২টায় খুলনা নিউ মার্কেট
এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল
শুরু করেন আন্দোলনকারীরা। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়। বিকাল ৩টা
১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরোপয়েন্টের দিকে থেকে
পুলিশ মিছিল লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে।
এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া
পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের
যোগ দিতে দেখা যায়। পরে বিপুল সংখ্যক আন্দোলনকারী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে
ধীরে পিছু হটে যায়। পরে তারা জিরোপয়েন্টে অবস্থান নেয়।
সেখানে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া নিয়ে বিকাল
৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমানে জিরোপয়েন্ট
মোড়ে অবস্থান নিয়ে আছেন কিছু শিক্ষার্থী। তাদের দুই পাশ দিয়ে ঘিরে রয়েছে পুলিশ।
শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর
এক টিয়াল শেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী
ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ও দুই পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।










