চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৯ অক্টোবর প্রকাশ হতে পারে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে দিনটিকে বিবেচনা করছে শিক্ষা বোর্ডগুলো। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা শিক্ষা বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২৫-২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বোর্ডগুলো। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চীন থেকে দেশে ফেরার পর দুই-একদিনের মধ্যেই ফল প্রকাশের তারিখ নির্ধারণ নিয়ে আলোচনার কথা রয়েছে। সাধারণত বৃহস্পতিবার ফল প্রকাশের রীতি থাকায় ২৯ অক্টোবরকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী। এর মধ্যে রয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। পরীক্ষার জন্য কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ২ হাজার ৬৯৭টি এবং অংশ নেয় ৯ হাজার ৪৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান। এ বছর প্রথমবারের মতো নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল প্রকাশের বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বণিক বার্তাকে বলেন, ’২৫-২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। তবে এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। আগামী রোববার ফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানাতে পারব।’

এদিকে এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী পরীক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার। এ ব্যবস্থায় অনুত্তীর্ণ শিক্ষার্থীরা অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন। পরিকল্পনা অনুযায়ী, দুই বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ দুই মাসের মধ্যে এবং তিন বা তার বেশি বিষয়ে অনুত্তীর্ণদের ক্ষেত্রে তিন মাসের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।