কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দেয়ার (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ওই ব্যক্তিদের ফিরিয়ে নেয় বিএসএফ। গতকাল দুপুরে সীমান্ত এলাকার আশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারতের ওডিশায় প্রদেশের জগৎসিংপুর জেলার জগৎসিংপুর থানার তারিকুণ্ড গ্রামের ১৪ জনকে বিএসএফ বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছিল। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। পরে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি কোম্পানি কমান্ডার বাংলাদেশে ভারতীয় নাগরিক পুশ-ইনের ঘটনায় জোরালো প্রতিবাদ জানান এবং দ্রুত তাদের ফেরত নেয়ার দাবি জানান। পরে শূন্য লাইনে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই করে তাদের ভারতীয় নাগরিক হিসেবে নিশ্চিত হওয়া গেলে বিএসএফ তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হলে বিজিবির টহল দল বাধা দেয়। পরবর্তী সময়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে তাদের ফেরত পাঠানো হয়েছে।










