জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগের সদস্য পদে রদবদল করা হয়েছে। মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) নীতির সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে মূসক বাস্তবায়ন ও আইটিতে বদলি করা হয়েছে। মূসক বাস্তবায়ন ও আইটির দায়িত্বে থাকা সদস্য ড. মো. আবদুর রউফকে মূসক নীতির দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এনবিআরের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি রাতে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপ করে অধ্যাদেশ জারি করে সরকার। তখন ভ্যাট নীতির সদস্য ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। অধ্যাদেশ জারির পর নানা মহল থেকে সমালোচনা হয়। এটাকে অনেকেই রাতের ভোটের মতো রাতের ভ্যাট অধ্যাদেশ হিসেবে আখ্যায়িত করেন। সমালোচনার পর কয়েকটি পণ্য ও সেবায় ভ্যাট হার পরিবর্তন করা হয়। এছাড়া গতকাল রোববার দুদকের আবেদনে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। তার নামে দুদকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। সব মিলিয়ে তাকে নিয়ে চাপেই ছিল এনবিআর। এছাড়া তিনি ভ্যাট বাস্তবায়নে খুব ভালো ভূমিকা রাখবেন বলে এনবিআর সূত্র দাবি করেছে। তারা বলছেন, এসব কারণে আজ তাকে বদলি করা হলো। আর ড. মো. আবদুর রউফ ভ্যাট নীতিতে ভালো ভূমিকা রাখতে পারবেন বলে এনবিআর সূত্রে জানা গেছে। তিনি ভ্যাট আইন নিয়ে নিয়মিত লেখালেখি করেন। তার এ বিষয়ে প্রকাশিত বই রয়েছে।
এদিকে আয়কর বিভাগের সদস্য পদেও রদবদলের কথা জানা গেছে।










