যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদার হাটসংলগ্ন সন্ধ্যা নদীর ওপর নির্মাণ করা হয় আয়রন ব্রিজ। ২০১৯ সালের ১১ ডিসেম্বর গাছবাহী নৌকার ধাক্কায় ২২৫ ফুট দৈর্ঘ্যের ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার ছয় বছর পরও ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি। এতে রাজাপুর, কাউখালী ও সদর উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। যাত্রীবাহী গাড়ি, মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে অন্তত ৩০ গ্রামের মানুষ। অবশ্য চলাচলের জন্য সেখানে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, নদীটি দিয়ে নিয়মিত বালিবাহী জাহাজ চলাচল করে। এসব জাহাজের ধাক্কায় কয়েক মাস আগে থেকেই ব্রিজের মাঝামাঝি অংশে ফাটল দেখা দেয়। ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে একটি গাছবাহী নৌকা ব্রিজের পিলারে ধাক্কা দিলে মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় নৌকাটি ব্রিজের নিচে চাপা পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা, জাহিদুল ইসলাম, আবু ইউসুফ, আনোয়ার মিলন ও মামুন জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত ব্রিজ নির্মাণ না হলে মানুষের দুর্ভোগ আরো বাড়বে।
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার বলেন, ‘ব্রিজ নির্মাণের জন্য প্রাক্কলন তৈরি করে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলেই টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।’










