মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের ১৭তম নিলাম সম্পন্ন হয়েছে। এ নিলামে বিক্রির জন্য ৬০ হাজার কেজি চা উত্তোলন করা হয়। এর মধ্যে ৫০ হাজার কেজি চা বিক্রি হয়েছে। বিক্রীত চায়ের বাজারমূল্য কোটি টাকারও বেশি।

টি প্ল্যান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (টিপিটিএবির) ব্যবস্থাপনায় গতকাল অনুষ্ঠিত নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও দুটি ব্রোকার হাউজ অংশ নেয়। প্রথমবারের মতো অংশ নেয় পঞ্চগড়ের একটি চা বাগান।

নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল ২২০ টাকা, সর্বনিম্ন ১৬০ টাকা ও গড় দাম ১৯০ টাকা। শ্রীমঙ্গলের নাহার চা বাগানের চা সর্বোচ্চ দামে বিক্রি হয়। আগের নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল ২১৫ টাকা, সর্বনিম্ন ১৩৬ টাকা ও গড় দাম ছিল ১৮০ টাকা।

তাছাড়া প্রথমবারের মতো এ নিলামে কেজি হোয়াইট টি অফার করা হয়। হবিগঞ্জের বৃন্দাবন চা বাগানের এ চা প্রতি কেজি ৫ হাজার ১০ টাকা দামে বিক্রি হয়।

কভিডের কারণে কিছুটা বিলম্বে গত বছরের ৩ জুন শ্রীমঙ্গলে ২০২০/২০২১ মৌসুমের প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়। সে নিলামে ১৮ হাজার ৭০০ কেজি চা বিক্রি হয়। প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল ২৩০ টাকা, সর্বনিম্ন ২০০ টাকা ও গড় দাম ২২০ টাকা। ক্লুনেল চা বাগানের চা সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল।

টিপিটিএবির সদস্য সচিব জহর তরফদার জানান, এ বছর শ্রীমঙ্গলে ২০টি নিলামের মধ্যে ১৭তম নিলাম শেষ হয়েছে। প্রতিটি নিলামে ধারাবাহিকভাবে চা বিক্রি বাড়ছে। জোগান ভালো থাকায় দাম খুব বেশি ওঠানামা করেনি। এ বছর প্রতি মাসে দুটি নিলাম কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।