বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডি সাইবার হামলার শিকার হয়েছে বলে দাবি করছে দলটি। জামায়াতের দাবি, মিয়া গোলাম পরওয়ারের এক্স আইডিতে সাংঘাতিক সাইবার হামলা হয়েছে এবং দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ দাবি করেন। এ সময় এ সাইবার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমীরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্টে হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাক করেছে।
তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা রাত ৯টা ৩ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এহেন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।‘















